• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে সংরক্ষিত আসনে আলোচনায় জুঁই

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
পিরোজপুরে সংরক্ষিত আসনে আলোচনায় জুঁই
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুরের সংরক্ষিত নারী সংসদ সদস্য আসনকে ঘিরে আলোচনায় উঠে এসেছে সাবেক ছাত্রদল নেত্রী জেসমিন সুলতানা জুঁইয়ের নাম। নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের সন্তান জুঁই তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে শিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন।

গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা জুঁই উচ্চশিক্ষায়ও রেখেছেন সাফল্যের ছাপ। তিনি চীন থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। তার এই শিক্ষাজীবনের পথচলা স্থানীয় তরুণীদের মাঝে অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরে জাতীয় নির্বাচনে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমেও দায়িত্ব পালন করেন তিনি।
২০২২-২৪ সময়ে জিয়া মেমোরিয়াল লাইব্রেরির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন জুঁই। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানের কমিটির সদস্য হিসেবে যুক্ত আছেন।

এছাড়া নির্বাচনকে সামনে রেখে গবেষণা, জরিপ ও প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। ২০১৮ সালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেইনার প্রোগ্রাম সম্পন্ন করেন। বিএনপির গবেষণা শিক্ষানবিশ কর্মসূচিতেও প্রশিক্ষণপ্রাপ্ত তিনি। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত ফার্স্ট এইডার হিসেবে কাজ করেছেন। চীনে অধ্যয়নকালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সমন্বয়কারীর দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অংশগ্রহণ তার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে কারিগরি শিক্ষা ও জলবায়ু ইস্যুতে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জেসমিন সুলতানা জুঁই। তার মতে, প্রবীণদের পাশাপাশি তরুণ নেতৃত্বকে সুযোগ দিলে নীতি-নির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত হবে এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। বিশেষ করে তরুণ নারীদের দীর্ঘমেয়াদি রাজনৈতিক সম্পৃক্ততা নিশ্চিত করাও জরুরি বলে তিনি মনে করেন।
সাবলীল বক্তব্য, গবেষণাভিত্তিক চিন্তা ও নেতৃত্বগুণের কারণে ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনায় রয়েছেন জুঁই। এখন দলীয় মনোনয়নের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি ও তার সমর্থকরা।