ঝালকাঠির নলছিটিতে ঋণের চাপে মিলন হাওলাদার (৩৫) নামে এক যুবক বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে আত্মহত্যা করেছেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মিলন হাওলাদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় একা থাকার সময় গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি মৃত দেলোয়ার হাওলাদারের ছেলে ও পেশায় চায়ের দোকানি ছিলেন।নিহতের দুই সন্তান রয়েছে, বয়স ৫ বছর ও ৩ বছর।
নিহতের চাচাতো ভাই আবু তাহের হাওলাদার জানিয়ে বলেন, মিলনের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে ছিলেন। প্রায় ৪–৫ লাখ টাকার ঋণের কারণে হয়তো মিলন এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।